আগামী ২৭ বা ২৮ নভেম্বর হতে পারে জাতীয় সংলাপ। ঐকমত্য কমিশনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা এ সংলাপে অংশ নেবেন। দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়তে ইতোমধ্যে বিরোধী দলগুলোকে জাতীয় সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছে সরকারি দল বিএনপি। সংলাপের এজেন্ডা এখনো চূড়ান্ত হয়নি। ঐক্যের প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো নীতিগতভাবে একমত থাকলেও বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে কিছুটা দরকষাকষি চলছে বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ভেতরে ভেতরে সংলাপের গ্রাউন্ডওয়ার্ক তৈরি হয়ে গেছে। এখন সংলাপের জন্য দলগুলোর মধ্যে প্রস্তুতি চলছে বলে। জাতীয় ঐক্য গড়তে সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতার প্রক্রিয়া নিয়ে নানামুখী আলোচনা চলছে। বিশেষ করে সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ, জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বিএনপির ‘নোট অব ডিসেন্টে’র বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া, বিরোধী দলকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ দেওয়া, জামায়াত ও এনসিপির বিরুদ্ধে বিএনপির হয়ে কিছু নেতার অতিকথন বন্ধসহ বিভিন্ন বিষয়ে সরকারি দল ও বিরোধী দলের নেতাদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে বলে জানা গেছে।
জাতীয় সংসদের শেষ অধিবেশনের সমাপনী দিনে (১৮ নভেম্বর) একান্তে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকের পর জাতীয় সংসদে দেওয়া ভাষণে তারা দুজনেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। এরপরই মূলত জাতীয় সংলাপে বসতে বিরোধী দলকে আমন্ত্রণ জানায় বিএনপি। ওই আমন্ত্রণের পর বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য পৃথকভাবে আওয়ামী লীগের নাশকতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে কর্মসূচি পালন করছে।
সূত্রমতে, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নেপথ্যে দেশের বাইরের প্রভাবশালী মহলের ইন্ধন রয়েছে। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশকে নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণে বাধ্য করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সব দল ঐকমত্য না থাকলে দেশের স্থিতিশীলতা রক্ষা করা কঠিন হবে। এমন পরিস্থিতিতে দ্রুত জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মনে করছের সরকারি ও বিরোধী দলের নেতারা।
জামায়াত
আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার কথা রয়েছে ২৬ নভেম্বর। এদিকে
রোববার দেশে ফিরছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ
হুইপ নাহিদ ইসলাম।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে