তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৬

দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের তরুণ ও যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং তাদের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় সহায়তা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর বর্তমান সরকার।

১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২২ নভেম্বর থেকে ৭ দিনব্যাপী  এ মেলা হবে। এ মেলার মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং দেশীয় পণ্যের প্রচার ও প্রসার ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রী বলেন,  জাতীয় এসএমই পণ্যমেলা উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পরিচিতি বৃদ্ধি, নতুন বাজার সৃষ্টি এবং বিভিন্ন পর্যায়ের ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপনের এক অনন্য সুযোগ। এ আয়োজন উদ্যোক্তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের পাশাপাশি পণ্যের বাজার সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন তিনি।

তারেক রহমান  আরও বলেন, স্থানীয় সম্পদ, দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, আমদানিনির্ভরতা কমানো এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার মাধ্যমে দেশের অর্থনৈতিক সক্ষমতা আরও বৃদ্ধি করা সম্ভব। উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সুষম উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির সুফল দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে দিতে তার সরকার নিরলসভাবে কাজ করছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর