খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২৬


দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। গত ৩ মাসে খেলাপি বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। ফলে এ খাতে বিতরণ করা ঋণের প্রায় ৩৪ শতাংশই এখন খেলাপি। খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ব্যাংক ঋণে নানা ধরনের ছাড়, পুনঃতফসিল ও পুনর্গঠনের সুযোগ দিয়েও তেমনটা সুফল মিলছে না।  খেলাপির অঙ্ক আবারও ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। খেলাপি সংক্রান্ত তথ্য বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ও প্রভাবশালীদের চাপে যে সব ঋণ দেওয়া হয়েছে, এর সিংহ ভাগই বিদেশে পাচার হয়ে গেছে। পাচার হওয়া সেই ঋণ ধীরে ধীরে খেলাপির খাতায় উঠছে। ফলে ছাড়-সুযোগ দিয়েও কমানো যাচ্ছে না খেলাপির অঙ্ক।  

এমন পরিস্থিতিতে ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেক ব্যাংকের শীর্ষ ১০ ঋণ খেলাপির বিচার করার পরামর্শ দিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। তাদের মতে, এদের সম্পদ ক্রোক করতে হবে। জেলের ভাত না খাওয়ালে এ টাকা ফেরত আসবে না।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট ঋণস্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। সে হিসাবে বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই খেলাপি। এর আগে জুন শেষে খেলাপি ঋণের অঙ্ক ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। তখন ৩২ দশমিক ৭৮ শতাংশ ছিল খেলাপি। মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা, খেলাপি ঋণ ছিল ৩২ দশমিক ২৬ শতাংশ। এই বিশ্লেষণে চলতি বছরের প্রথম তিন প্রান্তিকেই খেলাপি ঋণের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে।

খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে। তখন বিতরণ করা ঋণের প্রকৃত তথ্য আড়াল করা হয়। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতের প্রকৃত চিত্র প্রকাশের উদ্যোগ নিলে এসব ঋণের বড় অংশ খেলাপি হিসাবে শনাক্ত হয়।

এছাড়া শেখ হাসিনার সরকার পতনের পর অনেক প্রভাবশালী ঋণগ্রহীতা আত্মগোপনে চলে যান। ফলে খেলাপি ঋণ দ্রুত বেড়ে যায়। পরিস্থিতি সামলাতে অন্তর্বর্তী সরকার বিশেষ ছাড়ে ঋণ পুনঃতফসিলের সুযোগ দিলেও তাতে টেকসই সমাধান আসেনি।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের সময় খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকার গঠনের সময় খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। আর ক্ষমতাচ্যূত হওয়ার আগে ২০২৪ সালের জুন শেষে সেটা  দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকায়।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, বর্তমান বিএনপি সরকারের সময়েও খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। এ ক্ষেত্রে কারণ হিসেবে ব্যাংক খাতে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বলতার প্রভাব এখনো কাটেনি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংশ্লিষ্টরা জানায়, দেশ-বিদেশের বিদ্যমান পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্যে মন্দা চলছে। ফলে উদ্যোক্তাদের ঋণ পরিশোধের সক্ষমতা কমছে,  আবার খেলাপি ঋণ আদায়ও বাড়ছে না। তবে ইচ্ছাকৃত খেলাপিদের কাছ থেকে ঋণ আদায় বাড়ানোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে আইন সংশোধন করা হচ্ছে বলেও জানান তারা।


বিডি২৪অনলাইন/ এনএন/এমকে




মন্তব্য
জেলার খবর