সৌদি
আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলা করা হয়েছে। এতে এক
পাকিস্তানি নাগরিক নিহতসহ আহত হয়েছেন ১১
জন। হামলার পর বিমানবন্দরের যাত্রী
টার্মিনাল ৪-এ আগুন
ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এ তথ্য জানিয়েছে।
গত পাঁচ দিনে এ নিয়ে চতুর্থবারের মতো হামলার ঘটনা ঘটলো সেখানে। এসব হামলার জন্য ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করা হয়েছে। গোষ্ঠীটি রিয়াদ ও দাম্মামের বিমানবন্দরে রোববারের হামলার দায় স্বীকার করেছে।
এদিকে এনিয়ে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় বিমানবন্দরের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ইয়েমেনে সৌদি সমর্থিত জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তু বিমানবন্দরের যাত্রী টার্মিনাল ৪-এ আঘাত হানার পর আগুন ধরে যায়। বিমানবন্দরের আশপাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার কথাও জানিয়েছে জোটটি।
এর আগের দিন শনিবার রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন।
ওদিকে,
সৌদি আরবের দাম্মামে ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও রোববার সন্ধ্যায় হামলার কথা জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে বিমানবন্দরের নিরাপত্তা পরীক্ষা এবং ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
বিডি২৪অনলাইন/আইডিএস/এমকে