নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জোবায়ের মোল্যা (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু আজিজুর আহত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে নোয়াগ্রাম ইউনিয়নের নলদী-লোহাগড়া আঞ্চলিক সড়কের ব্রাহ্মণডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জোবায়ের মোল্যা উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের চর-ব্রাহ্মণডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্যার ছেলে। সে নলদী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত আজিজুর একই গ্রামের আজমুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাশ্ববর্তী হান্দলা গ্রামের আজগরের ছেলে রিজভীর কাছ থেকে মোটরসাইকেলটি চেয়ে নেয় জোবায়ের। পরে বন্ধু আজিজুরকে নিয়ে নলদী বাজারের দিকে রওনা হয়। কিছুদূর যাওয়ার পর ফিরে আসার পথে ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে জোবায়ের গুরুতর আহত হয়, তার পিছনে বসা আজিজুর সামান্য আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জোবায়েরকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহতের
খবর পেয়েছি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি২৪অনলাইন/সি/এমকে