শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী ৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় বিমানবন্দরে এসে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী কর্মীরা।ভোগান্তির পাশাপাশি ফ্লাইট বাতিলের কারণে অনেকেই চাকরি হারানোর আশঙ্কা করছেন, ভুগছেন অতিরিক্ত যাতায়াত ও থাকা-খাওয়ার খরচ এবং পরিবারের কাছে ফেরার অনিশ্চয়তায়। সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে হামলা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ঢাকা-রিয়াদ আকাশপথের যোগাযোগে এ অচলাবস্থা দেখা দিয়েছে।
ইতোমধ্যে বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া, রিয়াদ এয়ার ও শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইট। এসব ফ্লাইটে যাত্রী সংখ্যা প্রায় আড়াই হাজার। ফ্লাইট বাতিলের খবর পেলে তাদের নতুন করে যাত্রার পরিকল্পনা করতে হচ্ছে। অধিকাংশ প্রবাসীই সৌদির ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কেটে এসেছেন। তারা জানেন না কীভাবে তাদের টিকিটের তারিখ পরিবর্তন করে কবে সৌদিতে ফিরবেন।
হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার (ফ্লাইট ম্যানেজমেন্ট) স্কোয়াড্রন লিডার সাকিব গণমাধ্যমকে জানিয়েছেন,
বাতিল হওয়া সাতটি ফ্লাইটে মোট ২ হাজার ৫৩২
জন যাত্রীর রিয়াদে যাওয়ার কথা ছিল। সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো যাত্রীদের এ বিষয়ে অবহিত
করছে। নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী যাত্রার বিষয়ে নিশ্চিত হওয়ার অনুরোধ জানানো হচ্ছে যাত্রীদের।
এটি বৈশ্বিক সংকট। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত
সবাইকে ধৈর্য ও সহমর্মিতার সঙ্গে
অপেক্ষা করার আহ্বান জানান তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে