পাবনার ভাঙ্গুড়া উপজেলায় একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল দুধ ও নকল দুধ তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে নকল দুধ তৈরির দায়ে আবুল বাশার নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নকল দুধ তৈরির স্থানটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়।
বুধবার (৭ অক্টোবর) ধ্বংস, জরিমানা ও সিলগালার আদেশ দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলার কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে আবুল বাশারের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও নকল দুধ তৈরির দায়ে তাকে দুইবার জরিমানা করা হয়েছিল। অভিযান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে আবুল বাশার নিজ বাড়িতে বিভিন্ন রাসায়নিক ও ক্ষতিকর উপকরণ দিয়ে নকল দুধ তৈরি করছিল। এসব দুধ বিভিন্ন কোম্পানির সিলিং সেন্টারে সরবরাহ করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে ওই বাড়িতে অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মাহমুদ হাসান রনি বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় আবুল বাশারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নকল দুধ তৈরির স্থানটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি২৪অনলাইন/সি/এমকে