চাঁদাবাজ, দখলদারকে বরদাশত করা হবে না

নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৬


দেশের প্রতিটি এলাকায় যে কোনো মূল্যে  আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো গুপ্ত ও পলাতক শক্তি আইনশৃঙ্খলার অবনতি যেন ঘটাতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কোনো চাঁদাবাজ, দখলদারকে বরদাশত করা হবে না। তাদের জায়গা বিএনপিতে নেই। তাছাড়া সরকার দলীয় এমপিদের কোনো ধরণের বিতর্কিত কর্মকান্ডে জড়ানো যাবে না।

রোববার ( ১১ অক্টোরর) বিএনপির সংসদীয় দলের সভায় এসব নির্দেশনা দেন  প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকায় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ সভা হয়। প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও বিএনপির সংসদীয় দলের প্রধান তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন। সংসদের পরবর্তী অধিবেশনের দিনক্ষণ ঘোষণার আগেই হঠাৎ  এ সভা ডাকায় দেশের রাজনৈতিক অঙ্গন ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের কৌতূহল সৃষ্টি হয়।

সভায় দলের অভ্যন্তরে শৃঙ্খলা প্রতিষ্ঠা, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন দুর্গাপূজা, মাদক নিয়ন্ত্রণ, সংবিধান সংশোধন ও  স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

সভায় নিজের নির্বাচনি এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে এবং ঐক্য ধরে রেখে সংগঠনকে শক্তিশালী করতে দলীয় সংসদ সদস্যদের নির্দেশনা দেন তারেক রহমান। তিনি বলেন, ঐক্য ধরে রেখে দলকে শক্তিশালী রাখতে পারলে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না। এছাড়া, মাদক রোধে এমপিদের সোচ্চার ভূমিকা পালন করতে বলেছেন। চাঁদাবাজ, দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সভায় জানানো হয়— জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন ৮ নভেম্বর শুরু হতে পারে। অধিবেশনের আগে সংসদীয় দলের সভা ডাকা হবে। সভায় দলীয় সংসদ সদস্যদের মধ্যে যারা বক্তব্য দিয়েছেন, তাদের মধ্যে কেউ কেউ নিজেদের নানা অসুবিধা ও সীমাবদ্ধতার কথাও দলীয় ও সরকারপ্রধানের কাছে তুলে ধরেন।

 

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন প্রসঙ্গে সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় এমপিদের নির্দেশনা দিয়ে বলেছেন, এ নির্বাচনে দলীয় শৃঙ্খলা কোনোভাবে যাতে ভঙ্গ না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে সবাইকে। প্রতিটি স্থানে দলের ঐক্য অক্ষুণ্ণ রাখতে হবে। নির্বাচন ঘিরে বিরোধীপক্ষ যাতে পরিবেশ নষ্ট কিংবা ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সেবিষয়েও সতর্ক থাকতে দলের এমপিদের পরামর্শ দেন তিনি।

আসন্ন দুর্গাপূজায় কোনো মহল যাতে কোনো ধরনের অপরাধ করতে না পারে, সেজন্য দেশের প্রতিটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সতর্ক থাকার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

 

 

 বিডি২৪অনলাইন/ এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর