ডেঙ্গুতে মৃত্যু বেড়েছে ২৪ শতাংশ বেশি

নিজস্ব প্রতিবেদক
০৩ অক্টোবর ২০২৬

দেশে চলতি বছর উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এক বছরের ব্যবধানে হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তি সংখ্যা বেড়েছে ৭২ শতাংশ। শুধু তাই নয়, এ সময়ের ব্যবধানে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ২৪ শতাংশ। বৃষ্টি ও পরিবর্তিত আবহাওয়ার কারণে চলতি মাসে ডেঙ্গু পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এদিকে এ বছর ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি চলছে। গত ১২ সেপ্টেম্বর শুরু হওয়া এ কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে চলবে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ২ অক্টোবর পর্যন্ত দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ৭৬১ জন ডেঙ্গু রোগী। গত বছরের একই সময়ে ভর্তি হয়েছিলেন ৪৮ হাজার ২২৮ জন। অপরদিকে গত বছরের ২ অক্টোবর পর্যন্ত মারা যায় ২০২ জন ডেঙ্গু রোগী। এ বছরের একই সময়ে মৃত্যু হয়েছে ২৫০ জনের। এক বছরের ব্যবধানে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়েছে ৪৮ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গু সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত এক জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৩ জন। এর মধ্যে ৪২০ জন ঢাকায় ও ৩৩৩ জন চট্টগ্রামে। চলতি বছর হাসপাতালে ভর্তি ৮২ হাজারের বেশি ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকা বিভাগে ভর্তির ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। ঢাকায় ৩৩ হাজারের বেশি রোগী ভর্তি হয়। মারা যায় ১১৬ জন। এরপর মৃত্যু সংখ্যা বেশি খুলনা বিভাগে। সেখানে ৪৭ জনের মৃত্যু হয়েছে। তবে সবচেয়ে কম মৃত্যু হয়েছে সিলেট বিভাগে, মাত্র এক জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৭৬ হাজার ৮৬১ রোগীকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। বর্তমানে চিকিত্সাধীন আছে ৫ হাজার ৬৫০ জন। বিডি৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর