আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জানুয়ারির প্রথম সপ্তাহে প্রথম ধাপের নির্বাচন শুরু হলে, রমজান মাসের আগে তিনটি ধাপে দুই হাজার ইউপি নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে। রমজানের পরে আবার শুরু করে জুন মাসের মধ্যে বাকি সব ইউপি নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে কোন ব্যাপারে এখন পর্যন্ত চূড়ান্ত কিছুই হয়নি ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে প্রথম ধাপের নির্বাচন হলে ভোট গ্রহণের অন্তন ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।
তিনি বলেন, নভেম্বর-ডিসেম্বরে থাকা পরীক্ষা ছাত্র-ছাত্রীরা যেনো নির্বিঘ্নে, সুশৃঙ্খল ও সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে, সেজন্য জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হতে পারে। এখন পর্যন্ত এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি আছে। আরও যেসব প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন, সেটা করাব। নির্বাচনের প্রস্তুতি একটা চলমান প্রক্রিয়া বলেও উল্লেখ করেন তিনি।
স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন প্রসঙ্গে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরপরই পৌরসভা নির্বাচন করার চিন্তাভাবনা রয়েছে। ইউপি নির্বাচন সম্পন্ন করতে পারলে তারপর পর্যায়ক্রমে স্থানীয় সরকারের অন্য নির্বাচনগুলো হবে ।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে