নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর পাড়ে সরকারি খাসজমিতে গড়ে ওঠা অবৈধ ৭ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসব স্থাপনায় বিভিন্ন অসাধু চক্র অপরাধ ও মাদকের আখড়ায় পরিণত করেছিলো।
বুধবার (৯ সেপ্টেম্বর) অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন। এতে জনমনে স্বস্তি এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সোমেশ্বরী নদীর বালুমহাল যখন চালু ছিল, তখন এসব ঘর নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে বালুমহাল বন্ধ থাকায় এসব ঘর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। ব্যবহার না হওয়ায় রাতে নির্জন পরিবেশে সুযোগটি কাজে লাগায় স্থানীয় মাদক কারবারি ও মাদকসেবীরা। অপরাধ ও মাদকের নিরাপদ স্থান হয়ে ওঠে পুরো জায়গাটি। এতে মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ে। স্থানীয়রা এ নিয়ে ক্ষোভ জানিয়ে আসছিলেন। এমন পরিস্থিতিতে স্থানীয় নাগরিকদের নিরাপত্তা, এলাকার পরিবেশের মান উন্নয়ন ও সরকারি সম্পদ রক্ষায় একে একে গুঁড়িয়ে দেয়া হয় নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা সাতটি অবৈধ স্থাপনা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, এসব অবৈধ ও পরিত্যক্ত স্থাপনাগুলো সম্প্রতি মাদকের আখড়ায় পরিণত হয়েছিল। এটি সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর এবং জনজীবনের জন্য হুমকিস্বরূপ। সরকারি খাসজমি উদ্ধারের পাশাপাশি মাদক নির্মূলে আমরা এই অভিযান পরিচালনা করেছি।
বিডি২৪অনলাইন/সি/এমকে