নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমাদের সবার

নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারী ২০২৬


প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার।  দেশকে সত্যিকারের গণতন্ত্র হিসেবে পরিস্ফুটিত করা আমাদের সবার দায়িত্ব। জুলাই গণ-অভ্যুত্থান আমাদের জন্য দরজা খুলে দিয়েছে। আমরা সেই স্বপ্ন, আকাঙ্ক্ষা শক্তিকে বাঁচিয়ে রাখতে পারলে কেউ থামাতে পারবে না দেশের অগ্রযাত্রা।

অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের দায়িত্বপালন শেষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই ভাষণে এ আহ্বান জানান তিনি।  অধ্যাপক ইউনূস আর বলেন,  শূন্য থেকে নয়, আমরা শুরু করেছি মাইনাস থেকে। ধ্বংসস্তূপ পরিষ্কার করে প্রতিষ্ঠান দাঁড় করিয়ে তারপর ধরেছি সংস্কারের পথ। অন্তর্বর্তীকালীন সরকার আজ বিদায় নিচ্ছে। কিন্তু গণতন্ত্র, জবাবদিহিতা, বাকস্বাধীনতা অধিকার চর্চার যে ধারা শুরু হয়েছে- সেটা যেন কখনো থেমে না যায়।

গণ-অভ্যুত্থানে শহীদ আহতদের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তাদের সবার আত্মত্যাগকে জাতি যেন কোনোদিন ভুলে না যায়। প্রতিটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে যেন তাদের ছবি মনে রেখে সিদ্ধান্ত নিই আমরা।  ক্ষমতাবানদের কীভাবে নিয়ন্ত্রণে রাখতে হয়, আমাদের পরবর্তী প্রজন্মকে সে শিক্ষাটি যেন দিয়ে যেতে পারি।

জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, গত ১৮ মাসে ক্রমান্বয়ে দেশের মানুষের মধ্যে গণতন্ত্র, একটি কল্যাণমূলক শাসনব্যবস্থা, বাক-স্বাধীনতা, ক্ষমতাকে প্রশ্ন করতে পারা-সমালোচনা করতে পারা-জবাবদিহিতায় আনতে পারার যে চর্চা শুরু হলো, তা অব্যাহত রাখতে হবে। ধারা যেন কোনোরকমেই হাতছাড়া হয়ে না যায়।

তিনি বলেন,‘অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ, যার ভিত্তিতে গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় তা বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে দেশের মানুষ। জুলাই সনদের বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। আশা করব এটা নির্ধারিত সময়সীমার মধ্যে বাস্তবায়ন হবে। একটি ন্যায়ভিত্তিক, মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখতে দল-মত, ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা তার ভাষণে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনবান্ধব ও জবাবদিহিমূলক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫ প্রণয়ন, বিচার বিভাগের সংস্কার, দেশের অর্থনীতি, রিজার্ভ,  রোহিঙ্গা ইস্যূতেও কথা বলেন।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর