ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের শাসনভার গ্রহণ করতে যাচ্ছে নতুন সরকার। নির্বাচনে দুই শতাধিক আসনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে সরকার গঠন করছে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নির্বাচনে নির্বাচিতদের এবং নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এরপরই যাত্রা শুরু হবে নুতন সরকারের। নতুন সরকারের মন্ত্রিসভার জন্য ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে ৪০টি সরকারি বাসভবন ও অর্ধশত বিলাসবহুল গাড়ি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ঢাকার বেইলি রোড, গুলশান, ধানমন্ডি এবং মিন্টো রোড এলাকায় প্রায় ৪০টি বাসভবন প্রস্তুত হয়েছে। নতুন সরকারের চাহিদার ভিত্তিতে এ সংখ্যা আরও বাড়ানো হবে। নতুন সরকারের প্রধানমন্ত্রী কোথায় থাকবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট সরকারি কোনো নির্দেশনা এখনো আসেনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বর্তমান বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ নতুন প্রধানমন্ত্রীর জন্য প্রাথমিকভাবে বিবেচনায় রাখা হয়েছে। স্পিকার ও ডেপুটি স্পিকারের বাংলো একীভূত করে প্রধানমন্ত্রীর স্থায়ী বাসভবন করার নিয়ে আগের একটি কমিটির সুপারিশ রয়েছে। তবে সেটা এখনো চূড়ান্ত রূপ পায়নি।
জানা যায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন সরকার যাত্রা শুরু করতে যাচ্ছে। মঙ্গলবার সকাল ১০টায় সেখানে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর একই স্থানে বিকাল ৪টায় নতুন সরকারের মন্ত্রিসভা শপথ নেবে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, নতুন সরকারের প্রধানমন্ত্রীর আবাসনের বিষয়ে আগাম কোনো সুনির্দিষ্ট প্রস্তুতি নেই। তিনি কোথায় থাকবেন, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। বর্তমানে ব্যবহারের উপযোগী হিসেবে একমাত্র ‘যমুনা’ প্রস্তুত আছে। তবে তিনি চাইলে নিজের বর্তমান বাসভবনেও থাকতে পারেন বা নতুন কোনো বাসভবন তৈরির নির্দেশনাও দিতে পারেন। সব মিলিয়ে নতুন প্রধানমন্ত্রীর আবাসনের বিষয়টি বর্তমানে সম্পূর্ণ তার নির্দেশনার ওপরই নির্ভর করছে।
এদিকে গাড়ির বিষয়ে জানা গেছে, নতুন মন্ত্রীদের প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখতে সরকারি যানবাহন অধিদপ্তরকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে প্রাথমিকভাবে ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। ভিভিআইপি প্রটোকলে সব সময় কয়েকটি গাড়ি বেশি প্রস্তুত রাখতে হয়। কোনো কারণে একটি গাড়ি নষ্ট বা দুর্ঘটনায় পড়লে সঙ্গে সঙ্গে যেন আরেকটি গাড়ি পাঠানো যায়, সে জন্য অতিরিক্ত ৫টিসহ মোট ৫০টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। সরকার গঠনের আগে মন্ত্রিপরিষদ বিভাগে গাড়ির চাহিদা দেওয়া হলে সেই অনুযায়ী গাড়ি সরবরাহ করবে সরকারি যানবাহন অধিদপ্তর।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে