ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের নামে গেজেট প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী- ৩ দিনের মধ্যে (আগামী ১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে তাদের শপথ গ্রহণ হবে। বঙ্গভবনে অনুষ্ঠেয় নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিসহ মোট ১ হাজার অতিথি উপস্থিত থাকবেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, শপথ গ্রহণের পরে নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন। যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা নির্বাচিত হবেন, রাষ্ট্রপতির কাছে তার সংখ্যাগরিষ্ঠ সদস্যের নেতা হওয়ার বিষয়টি জানাবেন তিনি। রাষ্ট্রপতি নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন বা নিয়োগ করবেন তাকে। এরপরে সুবিধাজনক সময়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে তিন দিন বা সর্বোচ্চ চার দিনের মধ্যে শপথ হয়ে যাবে।
সংসদ সদস্যদের শপথ পড়ানো প্রসঙ্গে শেখ আব্দুর রশীদ বলেন, এটা দেখেন সংসদ সচিবালয়। তবে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার এ শপথ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন বা শপথ পাঠ করাতে পারেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের শপথ পড়াবেন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে