সংসদীয় আসন পাবনা-৩, দ্বারপ্রান্তে নির্বাচনের ভোট গ্রহণের দিন। এখন সর্বত্র আলোচনা একটাই- কে হচ্ছেন এমপি। এরপর আলোচনায় থাকছে বিজয়ের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে কার সঙ্গে কার লড়াই হবে। আর সেটা কত ভোটের ব্যবধানে। এ ক্ষেত্রে কর্মী ও সমর্থকরা স্ব দলের প্রার্থীদের এগিয়ে রাখছেন নানা যুক্তিতে। ভোট ও নির্বাচন বিশ্লেষকরা ভাবছেন অন্য কথা- তাদের বিশ্লেষণে আসছে দলীয় প্রতীক, প্রার্থীর গ্রহণযোগ্যতা। আছে ব্যক্তি স্বচ্ছতার বিষয়টিও। ক্যালকুলেট করছেন ভোটারের সংখ্যা আর ভোটারের ইউটার্ণ নিয়ে।
পাবনা- ৩ আসনের প্রার্থী ও ভোটারের দিকে তাকালে দেখা যায়, এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ প্রার্থী। মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৮০৪ জন। এর মধ্যে নারী ভোটার পুরষ ভোটারের প্রায় সমান ২ লাখ ৪২ হাজার ৮৬২ জন। গণনায় প্রার্থী ৮ জন হলেও এ আসনের সবর্ত্র ৩ প্রার্থীকে নিয়েই আলোচনা হচ্ছে। এদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন কর্মী, সমর্থক, সাধারণ ভোটারসহ নির্বাচন বিশ্লেষকরা। এ ৩ জন হচ্ছেন- বিএনপি দলীয় প্রার্থী হাসান জাফির তুহিন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আছগার ও স্বতন্ত্র প্রার্থী কে. এম আনোয়ারুল ইসলাম।
নির্বাচন বিশ্লেষকদের ধারণা অনুযায়ী, এ আসনে প্রতিদ্বন্দ্বিতা বিএনপির প্রার্থীর সঙ্গে জামায়াতের প্রার্থীর হওয়ার সম্ভাবনা বেশি। কেননা জাতীয় নির্বাচনে দল ও দলীয় প্রতীক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এ ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দলীয় সমর্থকদের ভোট যোগাড় করা কঠিন কাজ। স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি হওয়ায় তার একটা ‘ভোট ব্যাংক’ আছে। তবে সেই ‘ভোট ব্যাংক’ জয়ের জন্য পযাপ্ত না বলেও মনে করছেন তারা। তাছাড়া ৩ উপজেলা নিয়ে এ আসন গঠিত হওয়ায় কথিত ‘স্থানীয় প্রার্থীর’ বিষয়টি বাকি দুই উপজেলায় প্রভাব ফেলবে না। জেতানোর জন্য ভোটের দিনে দলীয় প্রার্থীকেই ভোট দেবেন দলীয় কর্মী ও সমর্থকরা।
বিশ্লেষকদের মতে, নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলবে নারী ভোটাররা। মুলত এ আসনের এমপির মুকুট গড়বেন নারী ভোটাররা। ভোটকেন্দ্রগুলোতে যে প্রতীকের দিকে নারীরা ঝুঁকবে, সেই প্রতীকের প্রার্থীই নির্বাচনে জয়ী হওয়ার সম্ভবনা বেশি। বিভিন্ন সূত্রে আভাস পাওয়া গেছে- দলের প্রতি সমর্থন পেতে নির্বাচনের তফসিল ঘোষণার অনেক আগে থেকেই কৌশলে সাধারণ নারী ভোটারদের নিয়ে কাজ করেছে জামায়াতে ইসলামী। তবে শেষ পযন্ত এ ৩ প্রার্থীর মধ্যে কে বিজয়ের হাসি হাসবেন, সেটা জানা যাবে নির্বাচনের চুড়ান্ত ফলাফলে।
বিডি২৪অনলাইন/সি/এমকে