পূর্ণ প্রস্তুতি নিয়ে মঙ্গলবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে থাকবেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ সদস্য রাষ্ট্র, কানাডা, নরওয়ে এবং সুইজারল্যান্ড থেকে আগত মোট ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক। সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারবেশন মিশন বাংলাদেশ।
বার্তায় আরও জানানো হয়- নির্বাচনের দিনের কার্যক্রম, ভোট গণনা এবং ফলাফলের তালিকা কীভাবে পর্যবেক্ষণ করতে হবে সে সম্পর্কে বর্তমানে সব স্বল্পমেয়াদী পর্যবেক্ষককে ঢাকায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মঙ্গলবার সারাদেশে সব পর্যবেক্ষক মোতায়েন করা হবে।
ইউরোপ থেকে এসেছেন ৯০ জন পর্যবেক্ষক। এছাড়া ইইউ কূটনৈতিক মিশন ও সহযোগী দেশগুলো থেকে ৩৫ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক যুক্ত হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণের পরিধি বেড়েছে। ১১ জন বিশ্লেষকের একটি মূল দল গত ডিসেম্বর থেকে দেশজুড়ে অবস্থান করছে।
নির্বাচনের দিন ইইউ পর্যবেক্ষকরা দেশের শহর ও গ্রামের বিভিন্ন ভোটকেন্দ্রের ভোটদান প্রক্রিয়া, ভোট গণনা এবং ফলাফল তৈরির কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবেন। ১৪ ফেব্রুয়ারি ঢাকায় সংবাদ সম্মেলনে মিশনের প্রাথমিক ফলাফল তুলে ধরবেন ইইউএর প্রধান পর্যবেক্ষক ইভার ইজাবস।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে