নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারী ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এ নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করছে দলটি। তাদের সঙ্গে সংসদে বিরোধী দল থাকছে জামায়াতে ইসলামী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের ভোটগ্রহণ হয়েছে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। নির্বাচনের বেসরকারি ফলাফলে এ পর্যন্ত ১৭৫টি আসনে জয় পেয়েছে বিএনপির প্রার্থীরা। জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৫৬টি আসনে, জাতীয় নাগরিক পার্টির পার্থীরা ৬টি আসনে এবং স্বতন্ত্র অন্যান্য দলের প্রার্থীরা ১১টি আসনে জয় পেয়েছেন। বাকি ৪২টি আসনের ফলাফল এখনো প্রক্রিয়াধীন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ বগুড়া- আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এবার প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন তিনি। বিএনপির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়, দল ক্ষমতায় গেলে বর্তমান চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।

সংসদীয় সমীকরণে দেশে সরকার গঠনের জন্য ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ১৫১টি আসনে জয়ের প্রয়োজন হয়। সে ক্ষেত্রে বিএনপি এককভাবেই সেই সংখ্যা অতিক্রম করেছে। অন্যদিকে, এবারই প্রথমবারের মতো প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এর আগে জামায়াত-বিএনপির নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সরকার বিরোধী দলে থাকলেও এবারই প্রথম প্রধান বিরোধী দলের মর্যাদা পেতে যাচ্ছে জামায়াত। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান  ঢাকা-১৫ আসনে বিজয়ী হয়েছেন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর