ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারী ২০২৬


আদালতের নির্দেশ পেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

আনোয়ারুল ইসলাম সরকার আরও বলেন, তড়িঘড়ি করে ফলাফল প্রকাশের কোনো প্রশ্ন আসে না। নিয়ম অনুযায়ী চেষ্টা করা হয়েছে আরও স্মার্টলি কীভাবে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায়। নির্বাচন সংশ্লিষ্ট যারা মাঠপর্যায়ে কাজ করেছেন, তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে ফলাফল তৈরির কাজটি করেছেন।

এ নির্বাচন কমিশনার বলেন, ১১ দলীয় জোটের দাবিগুলোর বিচার-বিশ্লেষণের প্রয়োজন রয়েছে।  নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকলে সেটা নিয়ে হাইকোর্টে গেলে সে অনুযায়ী সিদ্ধান্ত পাবে।

তিনি বলেন, সংবিধানের ১৪৮ আর্টিকেল অনুযায়ী ভোটের ফলাফল ঘোষণার পর তিন দিনের মধ্যে স্পিকার, ডেপুটি স্পিকার শপথ না পড়ালে চতুর্থ দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন।  এর বাইরে বেশি কিছু বলা মুহূর্তে সম্ভব নয়। কারণ কবে, কখন শপথ অনুষ্ঠিত হবে সেটি এখনো আমরা অফিশিয়ালি অবগত নই। সংসদ সচিবালয়ের প্রশাসন থেকে আমাদের কাছে কোনো অফিশিয়াল চিঠিপত্র আসেনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর