ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। এরপর একই দিনে হবে নতুন মন্ত্রিসভার শপথ। রেওয়াজ অনুযায়ী বঙ্গভবনে নয়, এবার প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শপথ বিষয়ে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তার
মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। এর আগে ওইদিন সকালে প্রধান নির্বাচন কমিশনার নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন।
গেল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এদিন একই সঙ্গে গ্রহণ করা হয় গণভোট। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ৩০০ আসনের জাতীয় সংসদে এককভাবে সরকার গঠন করতে ১৫১ আসন প্রয়োজন হয়।
নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের শপথের পর অনুষ্ঠিত হবে পার্লামেন্টারি বোর্ডের সভা। এ সভায় সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের দলনেতা নির্বাচিত হবেন। এরপর তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বলবেন, সংসদে আমাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে। তখন রাষ্ট্রপতিকে সরকারপ্রধান করার অনুরোধ করবেন তিনি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন তাকে। এরপর প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভায় সদস্যদের নির্বাচিত করবেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি।
শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিসভার সদস্যদের বিষয়ে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন মন্ত্রিসভা শপথ নিলে তারাই হবে দেশের নতুন সরকার। নতুন মন্ত্রিসভা শপথ নিলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী, মন্ত্রিসভায় একজন প্রধানমন্ত্রী থাকবেন। প্রধানমন্ত্রী যেভাবে নির্ধারণ করবেন, সেভাবে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকবেন। মন্ত্রিসভার সদস্যদের সংখ্যার কমপক্ষে ১০ ভাগের ৯ ভাগ নিয়োগ পাবেন সংসদ-সদস্যদের মধ্য থেকে। সর্বোচ্চ ১০ ভাগের এক ভাগ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে মন্ত্রিসভার সদস্য মনোনীত (টেকনোক্র্যাট) হতে পারবেন।
নির্বাচনে সর্বোচ্চ আসন পাওয়ায় বিএনপির সংসদ নেতা নতুন সরকারের প্রধানমন্ত্রী হবে। এ ক্ষেত্রে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে বিভিন্ন সুত্রে নিশ্চিত হওয়া গেছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে