পঞ্চগড়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

পঞ্চগড় প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৪

পঞ্চগড়ে জোসনা বেগম হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তার-ই স্বামী সলেমান আলীকে (৫৪) মৃত্যু দন্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম রেজাউল বারীর আদালত এ আদেশ দেন।

সলেমান আলী আটোয়ারী উপজেলার সুখ্যাতি এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে। জোসনা বেগম ঠাকুরগাঁও রুহিয়া ঘনিবিষ্টপুর এলাকার মৃত এন্তাজ আলীর মেয়ে। ২০-২২ বছর আগে তাদের বিয়ে হয়।

 আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৭ মে সলেমান আলী তার স্ত্রী জোসনা বেগম (৪২)কে  তাদের শয়ন ঘরে এলোপাথারী কুপিয়ে হত্যা করে। এরপর ঘরের দরজা-জানালা বন্ধ করে পালিয়ে যায়। এ ঘটনায় জোসনার ভাই সহিদুল ইসলাম  একটি হত্যা মামলা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আদম সুফি জানান,আদালতের এ রায় ঘোষনায় সন্তোষ প্রকাশ করেছেন বাদী।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর