ইরানে ২৯ জনের ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
১১ অগাস্ট ২০২৪

ইরানে তিন অপরাধের ঘটনায় সব মিলে ২৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের মধ্যে ১৭ জন হত্যা, সাতজন মাদক সংক্রান্ত ও তিনজন ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত।

২৯ জনের মধ্যে রাজধানী তেহরানের কাছে অবস্থিত গেজেলহেসার কারাগারে ছিল ২৬ জন ও কারাজ কেন্দ্রীয় কারাগারের তিনজন। খবর ইরান ইন্টারন্যাশনাল

এদিকে নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন (এইচআরএনজিও)’র পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েল-ইরানের মধ্যে উত্তেজনা বৈশ্বিক মনোযোগকে কাজে লাগিয়ে বর্তমানে বন্দীদের গণহত্যা ও ইরানে দমন-নিপীড়নে নিযুক্ত রয়েছে ইসলামিক প্রজাতন্ত্র।

এইচআরএনজিও বুধবার আরও দুই নারীর মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবেদন পেয়েছে। তবে প্রতিবেদনটি  এখন পর্যন্ত যাচাই করতে পারেনি তারা ।

সংগঠনটি বলছে,গত মাসে রাষ্ট্রপতি নির্বাচনের পর এক মাসে ইরানে কমপক্ষে ৮৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশটিতে মৃত্যুদণ্ড প্রাপ্তদের মোট সংখ্যা ৩৩৮ দাঁড়িয়েছে।

অন্যদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ইরানে গত আট বছরের মধ্যে সর্বোচ্চ কার্যকর হয়েছে গতবছর, সংখায়  ৮৫৩টি। এ বছর ৬৪ শতাংশ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মাদক-সম্পর্কিত অপরাধ, ডাকাতি ও গুপ্তচরবৃত্তিসহ আন্তর্জাতিক আইনের অধীনে মৃত্যুদণ্ডের ওয়ারেন্ট নয় এমন অপরাধের জন্য।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর