দেশে কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিদের নিয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি জেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কাজ করবে। স্থানীয়রা জানে, এলাকার কার ছেলে কী করছে। তাই স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো সম্ভব হবে। এছাড়া সাইবার অপরাধ প্রতিরোধে দক্ষ সাইবার ইউনিট গঠন করা হয়েছে। এই ইউনিট গুজব ও মব প্রতিরোধে কাজ করবে।
রোববার (২৫ অক্টোবর) বাগেরহাট পুলিশ লাইনস মিলনায়তনে কমিউনিটি পুলিশিং সমাবেশে এসব কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, পুলিশকে শক্তিশালী না করলে সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।
একটি দেশের উন্নয়নে কোনো শর্টকাট নেই উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, সরকারকে সবাই মিলে সহযোগিতা না করলে দেশের অগ্রগতি সম্ভব নয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেও জানান তিনি।
সাইবার অপরাধ প্রতিরোধে দক্ষ সাইবার ইউনিট গঠন করা হয়েছে জানিয়ে আইজিপি বলেন, এই ইউনিট গুজব ও মব প্রতিরোধে কাজ করবে।
বিগত ১৭ বছর রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দলীয় নেতাকর্মীদের দিয়ে পাড়ায় পাড়ায় মাদকের আখড়া গড়ে তোলা হয়েছে বলেও জানান আইজিপি। মাদকবিরোধী অভিযানে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে