ঢাকা–দাম্মাম ও ঢাকা–রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের সময়সীমা ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলমান হামলার কারণে যাত্রীদের নিরাপত্তা বিবেচনা নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
রোববার (২৫ অক্টোবর) এ নিয়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিত বলা হয়, ঢাকার সময় অনুযায়ী ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট বন্ধ থাকবে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সঙ্গে সংশোধিত ফ্লাইটের সময়সূচি যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে
উল্লেখ করা হয়েছে, জরুরি
প্রয়োজনে ঢাকা থেকে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক
বিমানবন্দর ব্যবহার করতে পারবেন সৌদি আরবগামী যাত্রীরা। যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে ১৬ অক্টোবর থেকে
ঢাকা–জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান। আগামী ৪ নভেম্বর পর্যন্ত
এ কার্যক্রম চলবে। এ ছাড়া ঢাকা–মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে বলেও জানিয়েছে বিমান বাংলাদেশ
এয়ারলাইন্স।
এদিকে ফ্লাইটের টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্য জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে যাত্রীদের।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে