জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। ফলে ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে বৈঠকটি স্থগিত করা হয়।
রোববার (২৫ অক্টোবর) রাজধানী ঢাকায় শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এই বৈঠক হওয়ার কথা ছিল। এতে সভাপতিত্ব করার কথা ছিল প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের।
বৈঠক স্থগিতের পেছনে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হলেও মূলত প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে শনিবার রাতে বৈঠকটি স্থগিত করার সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরিকল্পনা কমিশন জানায়, রোববার সন্ধ্যার ফ্লাইটে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা প্রধানমন্ত্রীর। সফরের আগে তাঁকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইলের দাপ্তরিক কাজ শেষ করতে হচ্ছে। একনেকের বৈঠক শুরু হলে দুপুরের খাবারের আগে শেষ করা সম্ভব হতো না। সব দিক বিবেচনা করেই বৈঠকটি স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।
একনেক বৈঠকটি হলে সেখানে মোট ১৫টি উন্নয়ন প্রকল্পের প্রস্তাব উত্থাপনের কথা ছিল। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য- তিতাস গ্যাসক্ষেত্রে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ— তিতাস-৩২ ও তিতাস-৩৩ খনন। এছাড়া ‘ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ এবং নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পও এই তালিকায় রয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে