বৈশ্বিক মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে পোঁছানোর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬


২০২৬ সালে বৈশ্বিক মূল্যস্ফীতি বেড়ে ৪ দশমিক ৭ শতাংশে দাঁড়াতে পারে। সেখান থেকে  কমে পরের বছর ২০২৭ সালে ৪ দশমিক ১ শতাংশে নেমে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ দশমিক ১ শতাংশ হতে পারে। এটা বেড়ে পরের বছর ২০২৭ সালে ৩ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে।  আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অক্টোবর ২০২৬-এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে এমন চিত্র প্রকাশ করা হয়েছে।

মূল্যস্ফীতি ও অর্থনীতির প্রবৃদ্ধি নিয়ে এ শঙ্কা এমন সময় প্রকাশ হলো, যখন বিশ্ব অর্থনীতি একের পর এক সংকট সামলে এগিয়ে চললেও প্রবৃদ্ধির গতি কমছে, মূল্যস্ফীতির ঝুঁকি বাড়ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত, জ্বালানি ও খাদ্যের বাজারে অস্থিরতা, বাণিজ্য বিরোধ এবং সরকারি ঋণের বোঝা বৈশ্বিক অর্থনীতির ওপর নতুন চাপ তৈরি করছে।

 

আইএমএফের মূল্যায়ন অনুযায়ী, বিভিন্ন ধাক্কা মোকাবিলা করে বিশ্ব অর্থনীতি  টিকে থাকলেও সমানভাবে সেটা সামলাতে পারছে না সব দেশ। এআই ও প্রযুক্তি খাতে বিনিয়োগের সুবিধা পাওয়া দেশগুলো তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। বিপরীতে, জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল এবং প্রযুক্তি খাতের সঙ্গে কম সম্পৃক্ত দেশগুলো বেশি চাপে পড়ছে। তাছাড়া মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এখনো পুরোপুরি বিশ্ব অর্থনীতিতে প্রতিফলিত হয়নি। বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ, মজুত ব্যবহার, সরবরাহব্যবস্থায় পরিবর্তন এবং জ্বালানির দক্ষ ব্যবহার পরিস্থিতি সামাল দিতে সহায়তা করছে। সেই সঙ্গে এআই খাতে বড় বিনিয়োগও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে ভূমিকা রাখছে। সংঘাত দীর্ঘস্থায়ী হলে কিংবা জ্বালানি সরবরাহে নতুন করে বিঘ্ন ঘটলে পরিস্থিতির অবনতি হতে পারে। সে ক্ষেত্রে জ্বালানির দাম বাড়ার পাশাপাশি  বৃদ্ধি পাবে উৎপাদন ও আমদানি ব্যয়। ব্যয়ের ওপরও চাপ বাড়বে সরকারের।

 

জ্বালানি আমদানিনির্ভর যেসব দেশের প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অংশগ্রহণ নেই, তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হতে পারে।  বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও আমদানি ব্যয়ের ওপর চাপ বাড়তে পারে এসব দেশে। কমে যেতে পারে মানুষের প্রকৃত আয় এবং সংকট মোকাবিলায় সরকারের আর্থিক সহায়তা দেওয়ার সক্ষমতা। বিশেষ করে নিম্ন আয়ের ও অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলো জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।

 

বিডি২৪অনলাইন/আইডিএস/এমকে


মন্তব্য
জেলার খবর