পঞ্চগড়ে অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন পৌর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম ইরান। সোমবার রাত ১০টার দিকে সিনেমা হল মার্কেটের সামনে এই হামলার ঘটনা ঘটে।
ইরানকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক বিবেচনা করে সেখানকার চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
জানা গেছে, গত রবিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সাথে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করে ওই দিন রাতেই বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন ১৫ জন। এরপর থেকেই শহরে থমথমে অবস্থা বিরাজ করছিল। তাছাড়া দুই গ্রুপের অনেকেই সামাজিক মাধ্যমে পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করে পোস্ট করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় সিনেমা হল মার্কেটের চায়ের দোকানে দুই গ্রুপের সদস্যরা চা খাচ্ছিলেন। আহ্বায়ক ইরানও সেখানে চা খাচ্ছিলেন। একপর্যায়ে দুই গ্রুপের সদস্যরা তর্কে জড়িয়ে পড়েন। এ সময় হঠাৎ অতর্কিতভাবে ইরানের ওপর হামলা চালানো হয়।তাকে মারধরের পাশাপাশি পেটে রড ঢুকিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে তার পরিবার।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজওয়ানুল্লাহ জানান, আহত রোগীর পেটে আঘাত করা হয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে