যতক্ষণ পর্যন্ত দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দলটির ও তার অঙ্গসংগঠনগুলোর নির্বাচনে অংশ নেওয়া সুযোগ নেই। অধিকার নেই কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের। আওয়ামী লীগ একটি নিষিদ্ধঘোষিত সংগঠন। আইন অনুযায়ী তাদের কোনো সভা-সমাবেশ করা বা দলীয় কার্যালয় খোলার সুযোগ নেই।
শুক্রবার
(১১ সেপ্টেম্বর) বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকার,
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী
মীর শাহে আলম। স্থানীয়
সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে গিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
বিগত স্বৈরাচারী শাসনের সময় দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের অন্যতম প্রধান ম্যান্ডেট হচ্ছে ৫টি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করাই মূল লক্ষ্য সরকারের। জনগণের রায়েই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন বলেও জানান তিনি। সংশোধিত আইন অনুযায়ী এবার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন বা জাতীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে না বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে