বর্তমানের চেয়ে কলেবর আরও বড় হতে যাচ্ছে সরকারের মন্ত্রিসভার। চলতি মাসেই শুরুতে এ পরিবর্তন ও সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। তবে সময় গড়িয়ে আগামী মাসের শুরুতেও এটা হতে পারে। সরকারের কার্যক্রমে আরও গতি আনা, কাজের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা এবং বিভিন্ন দপ্তরে প্রশাসনিক দক্ষতা বাড়ানো জন্য কলেবর বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোন সিদ্ধান্ত জানা যায়নি। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে এতটুকু তথ্য নিশ্চিত করেছেন যে, পরিবর্তনের আলোচনা সত্যি। সময়ের বিষয়টি একমাত্র প্রধানমন্ত্রী বলতে পারবেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসনে জয় নিয়ে সরকার গঠন করে বিএনপি। এরপর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। নতুন সরকারের ৪৭ সদস্যের মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী ছিলেন। পরবর্তিতে মন্ত্রিসভায় কিছুটা পরিবর্তন আনায় বর্তমানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জন। এর মধ্যে পূর্ণ মন্ত্রী ২৬ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন। মন্ত্রিসভার বাইরে প্রধানমন্ত্রীর ১১ জন উপদেষ্টা রয়েছেন।
প্রাপ্ত তথ্যমতে, রাজপথের ত্যাগী ও দীর্ঘদিন ধরে মূল্যায়ন-বঞ্চিত সিনিয়র নেতাদের মন্ত্রিসভায় এনে সরকারের কার্যকারিতা বাড়াতে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে সিনিয়র ও অভিজ্ঞদের পূর্ণাঙ্গ মন্ত্রী এবং নবীনদের প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত করা হতে পারে। বিশেষ করে স্বরাষ্ট্র, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ে কাজের চাপ বেশি থাকায় নতুন প্রতিমন্ত্রী যুক্ত হতে পারে। এছাড়া আঞ্চলিক ভারসাম্য এবং বিভিন্ন কোটা বজায় রাখার পাশাপাশি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও শীর্ষ পদধারীদের মধ্য থেকে টেকনোক্র্যাট বা সংসদ সদস্য কোটায় নতুন মুখ নেওয়া হতে পারে বলেও গুঞ্জন রয়েছে।
তথ্য বলছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এমপি, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনার তালিকায়। এছাড়া দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং নবনিযুক্ত স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান এমপি মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে ধারণা পাওয়া গেছে। এছাড়া সম্ভাব্য তালিকায় আলোচনায় রয়েছে সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি, এ বি এম আশরাফ উদ্দীন নিজান এমপি, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন এমপি, সংসদ সদস্য মজিবুর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও মো. আবুল কালাম (চৈতি কালাম) প্রমুখ। তথ্য সূত্র: এশিয়া পোস্ট।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে