চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে প্রায় ৪ লাখ মানুষের জরুরি স্বাস্থ্যসেবা দীর্ঘদিন ধরে চরম ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে নৌ-অ্যাম্বুলেন্স সংকট, স্থায়ী চালকের অভাব, জ্বালানি সংকট এবং সমুদ্রযাত্রার উপযোগী জলযানের অভাব রয়েছে।
সম্প্রতি উত্তাল সাগরে সংকটাপন্ন রোগীদের পলিথিনে ঢেকে স্পিডবোটে নেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
স্থানীয়রা
জানায়, সন্দ্বীপবাসীর
দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে দুটি নৌ-অ্যাম্বুলেন্স বরাদ্দ
দেওয়া হলেও কর্তৃপক্ষের সমন্বয়হীনতা ও নানা জটিলতায়
সেগুলো কার্যকরভাবে চালু করা সম্ভব হয়নি। ২০০৮ ও ২০১৫ সালে
দেওয়া ওই নৌ-অ্যাম্বুলেন্স
বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে। ফলে জরুরি স্বাস্থ্যসেবায় নির্ভরযোগ্য নৌ-পরিবহন ব্যবস্থা
না থাকায় সংকটাপন্ন রোগীদের জীবন রক্ষায় প্রতিনিয়ত ঝুঁকি নিতে হচ্ছে। বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও রাতের বেলায়
এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করে। চিকিৎসা নিতে যাওয়ার পথে ঘাটে
একাধিক
রোগীর মৃত্যুর ঘটনাও দ্বীপবাসীর উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
দ্বীপবাসীর দাবি, পরিত্যক্ত নৌ-অ্যাম্বুলেন্সগুলোর বিষয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সন্দ্বীপের জন্য আধুনিক ও সমুদ্র উপযোগী সি-অ্যাম্বুলেন্স, স্থায়ী চালক এবং নিয়মিত জ্বালানি বরাদ্দ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জরুরি রোগী পরিবহনের জন্য সার্বক্ষণিক কার্যকর ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস জানান, আগের নৌ-অ্যাম্বুলেন্সগুলো উত্তাল সাগরে চলাচলের উপযোগী না থাকায় সমুদ্র উপযোগী অ্যাম্বুলেন্সের জন্য জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে