তীব্র বজ্রপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় সৌদি আরবের ৪ অঞ্চলের বিভিন্ন অংশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সৌদির আবহাওয়া সংস্থাটির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
খবর অনুযায়ী- জিজান, আসির, আল-বাহা এবং মক্কা অঞ্চলের কিছু এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর সাথে শিলাবৃষ্টি এবং শক্তিশালী দমকা হাওয়া বইতে পারে। শেষ পযন্ত ধূলিঝড় ও বালুঝড় হতে পারে। এতে এই ৪ অঞ্চলের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি অনেকটাই বেড়ে গেছে।
এ ছাড়া জিজান, আসির, আল-বাহা এবং মক্কার কিছু অংশসহ পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকায় কুয়াশা পড়তে পারে। ফলে দৃশ্যমানতা বা দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে। অন্যদিকে দেশটির বিভিন্ন শহরে তাপমাত্রা চড়া থাকার পূর্বাভাস দেয়া হয়েছে। এর মধ্যে দাম্মামে সর্বোচ্চ ৪২ ডিগ্রি, মক্কায় ৩৯ ডিগ্রি, রিয়াদ এবং বুরাইদাহ উভয় শহরেই ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হতে পারে। পাশাপাশি মদিনায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে এবং জেদ্দা ও জিজানে তা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়াতে পারে। এছাড়া হায়েলে ৩৩ ডিগ্রি, আরাক, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি এবং তাবুকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হতে পারে।
দেশটির দক্ষিণ-পশ্চিমের পাহাড়ি অঞ্চলগুলোতে তুলনামূলক ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করতে পারে। আবভায়ায় আবহায় ১৫ ডিগ্রি এবং আল-বাহায় ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আবহা, আল-বাহা এবং জিজানে সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। জেদ্দা ও দাম্মামে ৮৫ শতাংশ এবং মক্কায় ৮০ শতাংশ পর্যন্ত আর্দ্রতা থাকতে পারে।
বিডি২৪অনলাইন/আইডিএস/এমকে