বাইকের সামনেও রেজিস্ট্রেশন নম্বর রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৬


আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনেও রেজিস্ট্রেশন নম্বর সংবলিত প্লেট বসাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট বাইক মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল সহজে শনাক্ত করতে এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বাইক মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ, রং ও উপকরণ অনুসরণ করে এই নম্বর প্লেট লাগানোর কথা বলছে সংস্থাটি। এ বিষয়ে  গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।  এতদিন মোটরসাইকেলের পেছনে অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বর প্লেট প্রদর্শনের বিধান ছিল।

বিআরটিএর তথ্য অনুযায়ী,  ঢাকার বিভিন্ন সড়কে সম্প্রতি  এআই প্রযুক্তির আধুনিক ক্যামেরা ব্যবহার করে ট্রাফিক ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ক্ষেত্রে চলন্ত অবস্থায় সামনের দিক থেকে আসা বাইকের নম্বর যেন এসব ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়ে, মূলত সেই উদ্দেশ্যেই সামনেও নম্বর প্লেট বসানোর সিদ্ধান্ত হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, স্কুটারের ক্ষেত্রে নম্বর প্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। স্কুটার ছাড়া অন্য সব মোটরসাইকেলের নম্বর প্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। নম্বর প্লেটে বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা হতে হবে কমপক্ষে ২০ মিলিমিটার। প্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।  পটভূমি হবে সাদা এবং লেখাগুলো হবে কালো রঙের। এতে কোনো ধরনের শোভাবর্ধক নকশা বা বাড়তি উপাদান ব্যবহার করা যাবে না। স্কুটার ছাড়া অন্য বাইকে নম্বর এক লাইনে লেখা যাবে।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর