সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর শিরচ্ছেদের ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। তার কাছে শিরচ্ছেদ ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে। রোববার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ে তাকে তলব করে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, তাদের মৃত্যুদন্ডের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি সরকার। বিস্তারিত জানতে সৌদি আরবকে চিঠি দেওয়া হয়েছে।
শামা ওবায়েদ বলেন, মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ‘ব্যভিচারে’ লিপ্ত ছিলেন ওই দুই বাংলাদেশি। সৌদি আইনে এটা গুরুতর অপরাধ। সে অনুযায়ী দেশটির আদালত ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। সৌদি আরবের জবাব পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। মরদেহগুলো কীভাবে দেশে ফিরিয়ে আনা যায়, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
গত বুধবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর নিশ্চিত করে। তারা হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে