বিএনপির রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণে কোনও অনিয়ম বরদাস্ত করা হয়নি। এমনকি কোনও রাজনীতি বা দলীয় পরিচয়ও খোঁজা হয়নি। প্রকৃত হকদারদের মধ্যে ন্যায্যতার ভিত্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে এবং হচ্ছে।
রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউজে এক সভায় এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অতীতে সরকারের সময় প্রাইভেট সেক্টর ও এনজিও সংস্থার কাজে সমন্বয় ছিল না। বর্তমান সরকার এসব পক্ষের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও পুনর্গঠনে নিবিড়ভাবে কাজ করছে। ফলে দুর্নীতি হ্রাসসহ কাজ দ্রুত ও সঠিক হচ্ছে।
সরকারের পক্ষে সব ক্ষেত্রে সরাসরি সেবা পৌঁছে দেওয়া সবসময় সহজ নয় উল্লেখ করে মন্ত্রী জানান, ডেলিভারি সিস্টেমে বেসরকারি খাত ও এনজিওগুলো যুক্ত থাকলে কাজ একদিকে দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়, অন্যদিকে অপচয় ও দুর্নীতির সুযোগও কমে যায়। কমিউনিটি পর্যায়ে যাদের অংশগ্রহণ ও সম্পৃক্ততা বেশি, তারা এগিয়ে এলে দুর্নীতি কমার পাশাপাশি পুনর্বাসন কাজ অনেক সহজ হয়।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে