নাটোরের
গুরুদাসপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
ও ৪ জন গুরুতর আহত
হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজিরহাট গ্যাসপাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই গরু ব্যবসায়ী, নছিমনের যাত্রী ছিলেন।
নিহতরা হলেন- পাশ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকার আব্দুর রহমান (৭০), ধামানিয়াপাড়া মহল্লার আক্কাস আলী (৫৮) এবং তার ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৪৮)। আহত চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, নাটোরের বড়াইগ্রাম এলাকার কয়েকজন ব্যাবসয়ী নছিমনে করে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে গুরুদাসপুরের হাজিরহাট গ্যাসপাম্প সংলগ্ন এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী আরআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে নছিমনটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় গরু ব্যবসায়ী আব্দুর রহমান ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহতদের মধ্যে আক্কাস আলীকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এছাড়া পথে তার ছোট ভাই জাহাঙ্গীরও মারা যান। দুর্ঘটনায় বাসটির সামনের কাঁচ ভেঙে দুমড়ে মুচড়ে গেলেও বাসের কোনো যাত্রী হতাহত হয়নি।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
পরিবহন সংশ্লিষ্ঠরা বলছেন, প্রায়শই বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দুর্ঘটনা ঘটছে। এ মহাসড়কে রয়েছে বেশ ক’টি ঝুকিপুর্ন বাঁক। দুর্ঘটনারোধে মহাসড়কটি দ্রুত চার লেনে উন্নিত করা জরুরি। এছাড়া অবৈধ ভুটভুটি, নছিমন হাইওয়ে সড়কে যাতায়াত করলেও হাইওয়ে পুলিশের নজরদারী না থাকায় তাদের কারণে দুর্ঘটনা বাড়ছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে