দেশের কৃষিখাতকে লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কৃষকদের সাহায্য করতে হবে। বিশ্বব্যাংক-আইএমএফ ভর্তুকি দিতে বাধা দিলেও কৃষিতে ভর্তুকি দিতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, যেসব খাতে ঘাটতি আছে, গবেষণার মাধ্যমে তা সমাধান করা প্রয়োজন। উৎপাদনের পর কৃষক দাম পায় না। কিন্তু কৃষক যখন ফসল ফলায়, তখন বাড়তি দামে বীজ কিনতে হয়। ফল ও সবজি দীর্ঘদিন মজুত রাখতে কোল্ড স্টোরেজ করা প্রয়োজন। এজন্য বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।
রাষ্ট্রপতি বলেন, কৃষি এখন লাভজনক নয়। এ কারণে অনেকেই পেশা ছেড়ে দিচ্ছেন। এক্ষেত্রে সরকারকে প্রণোদনা দিতে হবে, কৃষকদের সাহায্য করতে হবে। জীবন ব্যয়ের যোগান না থাকায় এখন মাঠে শ্রমিক পাওয়া যায় না বলেও উল্লেখ করেন তিনি।
কৃষি বিজ্ঞানীদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, কৃষি বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। আইন পরিবর্তন করে হলেও পেনশনের ব্যবস্থা করতে হবে কৃষি বিজ্ঞানীদের ।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে