আন্তর্জাতিক পানি আইন অনুযায়ী বর্তমান সরকার দেশের ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, এ লক্ষ্যে পদ্মা ও তিস্তা ব্যারাজ বাস্তবায়নের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডের প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আসন্ন বৈঠক ও সফর ঘিরে বাংলাদেশের প্রত্যাশার কথা ঢাকায় নিযুক্ত দিল্লির রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। সেটা নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন রাষ্ট্রদূত। তিনি দেশে ফিরে কী বার্তা দেন, তা জানার অপেক্ষায় রয়েছে ঢাকা।
এ আলোচনার মাধ্যমে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি অভিন্ন নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে ভারত ইতিবাচক উদ্যোগ নেবে বলেও প্রত্যাশা করেন তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে