জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা মেনে নেয়া হবে না

নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৬


 

এলপিজি মূল্য  ভোক্তা পর্যায়ে সহনীয় রাখতে সরকার সবরকম চেষ্টা করছে বলে জানিয়েছেন  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভোক্তাদের জিম্মি করে কোনো দাবি আদায়ের চেষ্টা মেনে নেয়া হবে না।  আলোচনার টেবিলেই সমস্যার সমাধান করতে হবে।  

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ  মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি গ্যাস অপারেটরদের সাথে মতবিনিময় সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যুদ্ধের কারণে বিশ্বের সব জায়গায় জ্বালানি নিয়ে সংকট চলছে। সেই সঙ্গে এর মূল্য ওঠা-নামা করছে। পাশপাশি জ্বালানির উৎস খুব সীমিত হয়ে পড়েছে। সেক্ষেত্রে  সরকার চেষ্টা করছে যেন ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য সহনীয় রাখা হয়।

বর্তমান প্রেক্ষাপটে কোনো রকম ধর্মঘট কাম্য নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, এরকম একটা অবস্থার মধ্যে কেউ  ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা গ্রহণ করবে সরকার। নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ধর্মঘট করার চেষ্টা করলে ‘এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট-১৯৫৬’ এর আওতায় আইন প্রয়োগ করা হবে। কথায় কথায় ধর্মঘট করে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করা গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর