ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে থাকা রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা সামনের স্থানীয় সরকার নির্বাচনেও কাজে লাগাতে হবে বলে জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। বলেছেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব হবে। নির্বাচন কমিশন ভায়োলেন্স চায় না।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানী ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। মো. সানাউল্লাহ বলেন, দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সহিংসতামুক্ত হয়েছে। এর মূল কারণ ছিল রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা। রাজনৈতিক দলগুলোর সেই সদিচ্ছা সামনের স্থানীয় সরকার নির্বাচনেও কাজে লাগাতে হবে।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার প্রবণতা বেশি থাকায় এ বিষয়ে কমিশন বিশেষভাবে সতর্ক থাকবে। আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন হবে স্বচ্ছ ও গ্রহণযোগ্য। জনগণের ভোটে জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন।
তিনি বলেন, শুধু মনোনয়ন পেলেই কোনো প্রার্থী নির্বাচিত হবেন না। রাজনৈতিক দল ও প্রার্থীদেরও নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা থাকবে কমিশনের।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে