প্রায় ৬০ লাখ বাংলাদেশি নাগরিকের সিভি (জীবনবৃত্তান্ত ) ডার্ক ওয়েবে বিক্রির জন্য নিলামে ডাকা হয়েছে। এসব সিভি এক হাজার মার্কিন ডলারের বিনিময়ে বিক্রি করা হবে। চাকরি খোঁজার অন্যতম অনলাইন প্ল্যাটফর্ম ‘বিডি জবস’ এর ডাটাবেজ থেকে সিভিগুলো সংগ্রহ করা হয়েছে। ‘ম্যাডর্যাক্স’ পরিচয় দেওয়া একটি হ্যাকারগোষ্ঠী এই নিলাম ডেকেছে। ‘বিডি জবস’ এর ডাটাবেজ থেকে সিভিগুলো সংগ্রহ করার কথা তারাই জানিয়েছে।
ইতোমধ্যে কয়েকটি সিভির নমুনাও প্রকাশ করেছে ম্যাডর্যাক্স। যদিও নিজেদের ডাটাবেজ সুরক্ষিত থাকার কথা গণমাধ্যমকে জানিয়েছেন বিডি জবসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাহিম মাশরুর।
রোববার (২৩ আগস্ট) ‘ডার্ক ফোরামস ডট আর ইউ’ নামক একটি ওয়েবসাইটে সিভি বিক্রির পোস্ট করে ওই হ্যাকার গোষ্ঠী। গোষ্ঠীটি জানায়, মাত্র পাঁচজন ব্যক্তির কাছে এসব সিভি বিক্রি করা হবে। সিভিগুলোতে বিডি জবস ব্যবহারকারীদের নাম, ফোন নম্বর, ঠিকানা, প্রশিক্ষণের তথ্য, একাডেমিক তথ্য, পেশাগত অভিজ্ঞতাসহ বিভিন্ন ধরনের তথ্য রয়েছে।
নমুনা হিসেবে ১৪৮টি সিভি প্রকাশ করেছে ম্যাডর্যাক্স। এগুলো বিনামূল্যেই ডাউনলোড করা যাচ্ছে। এসব সিভির মধ্যে নারী ও পুরুষ উভয়েই রয়েছেন। সিভিগুলোতে ব্যবহারকারীদের ব্যক্তিগত জীবনের প্রায় সব তথ্যই রয়েছে।
এদিকে এমন পরিস্থিতিতে জরুরি সতর্কবার্তা দিয়েছে বিডিজবস। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাকে শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তথ্য সুরক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি ব্যবহারকারীদের প্রোফাইল কে দেখতে পাবে কে দেখতে পারবে না সেই বিষয়েও নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে।
চাকরির
আবেদনকারীদের তথ্য তাদের প্ল্যাটফর্মে নিবন্ধিত নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়োগ প্রক্রিয়ার প্রয়োজনেই অ্যাক্সেস ও ব্যবহার করতে
পারে। কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান ব্যবহারকারীর তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রির চেষ্টা করলে এবং তা প্রমাণিত হলে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাচাই না করে কোনো
ধরনের গুজব বা ভুয়া খবরে
বিভ্রান্ত না
হতে এবং তা শেয়ার করা
থেকে বিরত থাকতে আহ্বান জানিয়ে বিডিজবস।
বিডি ২৪ অনলাইন/ এনএন/এমকে