রাজধানী
ঢাকার রাস্তায় চলাচলের জন্য গণপরিবহন হিসেবে ২০০টি বৈদ্যুতিক বাস
(ইভি বাস) কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নারী যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত
নিশ্চিত করতে বিশেষ বাসসেবা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এই উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকায় তেজগাঁওয়ে মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব জানান তিনি।
সড়কমন্ত্রী বলেন, এসব বাস সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে কেনা হবে। প্রকল্পের মাধ্যমে বাস কেনার ক্ষেত্রে অনুমোদন, টেন্ডারসহ আন্তর্জাতিক ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত দেড় বছর সময় লাগতে পারে। দ্রুত পরিবেশবান্ধব গণপরিবহন চালুর লক্ষ্যেই সরাসরি ক্রয় প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব বাসের মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বিভিন্ন রুটে পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।
ফসিল ফুয়েলের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তুলতে ইভি বাস অত্যন্ত জরুরি বলেও জানান মন্ত্রী।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে