বর্তমান সরকারের ৬ মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী এটাকে আরও সুসংহত করতে কিছুটা সময় প্রয়োজন।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমান সরকারের মাত্র ছয় মাস পার হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, এর মধ্যে অনেক সংস্কারকাজ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ দেখেছেন আপনারা। বিগত ১৮০ দিনে সরকার কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি জনগণের নিকট প্রশংসিত হয়েছে বলেও দাবি করেন তিনি।
মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হতে হয়েছে সরকারকে। কিন্তু এসব সঙ্কট অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে মোকাবিলা করেছে সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ সৃষ্ট বৈশ্বিক জ্বালানি ও গ্যাস–সংকটের ধাক্কা বিশ্বব্যাপী অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে দেশে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার। বোরো মৌসুমে কৃষকদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করতে প্রায় এক মাস পর্যন্ত মূল্যবৃদ্ধি স্থগিত রাখা হয়। পরবর্তীতে সহনীয় মাত্রায় সমন্বয়ের সিদ্ধান্ত নেয় সরকার।
বিগত
সরকারের রেখে যাওয়া দীর্ঘদিনের গ্যাস ও জ্বালানিসংকট রাতারাতি
সমাধান করা সম্ভব নয়। টেকসই ও সুদূরপ্রসারী পরিকল্পনার
মাধ্যমে এ সংকট উত্তরণে
কাজ করছে সরকার, বলেন মন্ত্রী।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে