বিগত সরকারের সময়ে হওয়া গুম, খুন, অরাজকতা ও মেগা দুর্নীতির ‘ভগ্নস্তূপের’ ওপর দাঁড়িয়ে এখন রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার। সরকার সাধারণ মানুষের স্বস্তি ফেরানোর চেষ্টা করছে।
সোমবার (১৭ আগস্ট) এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে এ মতবিনিময় সভা হয়।
বিগত সরকারের আমলের নৈরাজ্যের চিত্র তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, চারদিকে ছিল অরাজকতা, নৈরাজ্যের এক ধূসর পরিবেশ। কে কখন গুম হয়ে যাবে, কে কখন অদৃশ্য হবে-তার কোনো ইয়ত্তা ছিল না। মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। ভিন্নমত পোষণ করলেই গুম বা বিচারবহির্ভূত হত্যার শিকার হতে হতো মানুষকে। এমনকি একজন সাবেক সংসদ সদস্যকে নৌকার মধ্যে পিটিয়ে হত্যার মতো নৃশংস ঘটনাও ঘটেছে।
তিনি বলেন, এমন পরিস্থিতিতে ৫ আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের মাধ্যমে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হয়। জনগণের ভোটে নির্বাচিত সরকার বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম দিন থেকেই সক্রিয় রয়েছেন। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, দেশব্যাপী খাল খনন কর্মসূচি এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের স্বস্তি ফেরানোর চেষ্টা করছে সরকার। সামাজিক সুরক্ষা, অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য-প্রতিটি ক্ষেত্রে প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা চলছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে