বিমসটেকের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতের পক্ষ থেকেও আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। তাই যে কোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকায় সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।
‘র’ প্রধানের ঢাকা সফর গোপন কোনো বিষয় নয় জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর একজন প্রতিনিধি ঢাকায় এসেছেন। দুই দেশের গোয়েন্দা প্রধানদের মধ্যে বৈঠক হতে পারে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন নতুন করে তৈরি হবে। গত ১৭ বছর সম্পর্ক যেভাবে পরিচালিত হয়েছে, তার বাইরে গিয়ে সমতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক গড়ে তোলা হবে। এখন থেকে সবকিছু স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আলোচনার মাধ্যমে হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে