দেশের বিদ্যমান বিদ্যুৎ পরিস্থিতিতে সরকারি সব অফিসে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়নে নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (১০ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহার্য বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ ব্যবহার করতে হবে। অন্যান্য সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
এর আগে গত ৩ আগস্ট সচিবালয়ে এক সভায় জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল বসানোর নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এ নির্দেশ দেন।
সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে বঙ্গভবন, তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন এবং পরিকল্পনা কমিশন ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে। জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি সরকারি পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ করাই এ উদ্যোগের লক্ষ্য।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে