দলের সিদ্ধান্তের বাইরে দিতে পারবেন না এমপিরা

নিজস্ব প্রতিবেদক
১১ অগাস্ট ২০২৬


দেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দেশজুড়ে এখন আলোচনা চলছে। বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে প্রার্থী দিলেও সরকারি দল থেকে এখনো আনুষ্ঠানিকভাবে তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা দেওয়া হয়নি। সরকারি দল বিএনপি থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় সবার উপরে থাকলেও এখনো এ বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো সংসদ সদস্য দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারবেন না। ভোট দিলে তাদের সদস্যপদ বাতিল হবে।

সরকারি দলের প্রার্থী চুড়ান্ত না হওয়া এবং এমপিদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি জানিয়েছে জাতীয় সংসদের  চিফ হুইপ মো. নূরুল ইসলাম। আগামী ২০ আগস্ট হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ।  এ দিন বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ করা হবে। মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কথা বলেন চিফ হুইপ।

সরকারি দলের প্রার্থী প্রসঙ্গে চিফ হুইপ বলেন, সরকারি দল বা বিএনপির তরফ থেকে এখনও রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়িত্ব দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। এ বিষয়ে তিনিই সিদ্ধান্ত নেবেন। প্রধানমন্ত্রী বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করলে দলের সব সংসদ সদস্য একসঙ্গে নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন।

নির্বাচনের ভোট প্রসঙ্গে চিফ হুইপ বলেন, সংসদ সদস্যরা আসন নম্বর অনুযায়ী নির্ধারিত বুথে গিয়ে ভোট দেবেন। ব্যালটে প্রার্থীর নাম লিখে ভোট দিতে হবে।  তিনি জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ যেহেতু সংশোধিত হয়নি। তাই কোনো সংসদ সদস্য দলের সিদ্ধান্তের বাইরে দিতে পারবেন না।  ভোট দিলে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে।

ওদিকে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজ দলের প্রার্থীর বাইরে ভোট দিলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যপদ বাতিলের বিষয়টি কীভাবে কার্যকর হবে- এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।  তিনি জানান, দলের বাইরে ভোট দেওয়ার বিষয় বা এতে ৭০ অনুচ্ছেদ কার্যকর হওয়া না-হওয়া সম্পূর্ণ রাজনৈতিক প্রশ্ন এবং রাজনৈতিক নেতাদের বিষয়। এটা নির্বাচনের কারিগরি ও আইনি পরিচালনা প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত নয়।

এদিকে বিরোধী দলের প্রার্থী দেওয়া প্রসঙ্গে চিফ হুইপ জানান, বিরোধী দলের ১১ দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমদ বীর বিক্রমকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় এটিকে অংশগ্রহণমূলক করার লক্ষ্যেই বিরোধী দল প্রার্থী দিয়েছে বলে জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর