দেশের
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের
তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র
দাখিল এবং ২০ আগস্ট ভোটগ্রহণ
করা
হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকায় নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি)সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫(৩) ধারা অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ সময়সূচি চূড়ান্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের নিজস্ব ভবন ও জাতীয় সংসদ অধিবেশনে নির্ধারিত সময় অনুযায়ী সার্বিক নির্বাচনি প্রক্রিয়া সম্পন্ন হবে।
সংবাদ সম্মেলনে জানানো, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করতে হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়ে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ চলবে।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে উল্লেখ করে আখতার আহমেদ জানান, তফসিল ঘোষণার পর কমিশনের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। পরবর্তীতে নির্বাচন সংক্রান্ত হালনাগাদ তথ্য ও অগ্রগতি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।
২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। এরপরের বছরে জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন সাহাবুদ্দিন। এরপর নানা জল্পনা-কল্পনা কাটিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর সংবিধান অনুযায়ী অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে