আজ ৫ আগস্ট, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এ দিনে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পতন ঘটে তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। এ দিনে টানা ১৭ বছরের শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে সূচনা হয় এক নতুন অধ্যায়ের।
দিবসটি উপলক্ষে দেশে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে দিবসটি।
সরকারি কর্মসূচি অনুযায়ী, দেশের ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশানে সজ্জিত করা হয়েছে। পাশাপাশি পৃথক কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
দিবসটি উপলক্ষে পৃথক বাণীতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বীর জুলাইযোদ্ধা ও দেশপ্রেমিক নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করেছেন তারা।
শেখ হাসিনার সরকার পতনের এক বছর পরে ২০২৫ সালে ৫ আগস্টকে জাতীয় দিবস এবং ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দেশ-বিদেশে ‘জুলাই গণঅভ্যুত্থান’ বা ‘জুলাই বিপ্লব’ নামে পরিচিতি লাভ করে। এ আন্দোলন দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি ।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে