সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬


সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের পরিকল্পনা করছে সরকার। এতে সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও  বাবা-মা তাদের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ-দখলের অধিকার রাখার বিধান যুক্ত করা হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের  এমন তথ্য জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মন্ত্রী জানান, প্রস্তাবিত আইনি পরিবর্তনের ফলে দেওয়ানি বা সিভিল মামলার সংখ্যা অনেকটাই কমে আসবে। এসব মামলার বড় অংশই মূলত সম্পত্তির বণ্টন হিসাব-নিকাশ নিয়ে হয়।

মুসলিম আইনে হেবা, হিন্দু আইনে উইল, আবার মুসলিম আইনে ওয়াসিয়তনামা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, বিদ্যমান ব্যবস্থায় বাবা-মা যদি হেবা করে দেন, সাথে সাথে তাদের হাত থেকে সম্পত্তি চলে যাচ্ছে। পরবর্তী সময়ে সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। ছেলে-মেয়ে তাদের না দেখলে বাবা-মার আর কিছু করার থাকে না, তারা অসহায় হয়ে পড়ছেন।

তিনি জানান, হেবার পাশাপাশি সম্পত্তি হস্তান্তর আইনে একটা ধারা রয়েছে, যেখানে সাধারণভাবেই হেবার বাইরে গিয়ে কেউ দান করতে পারেন। বিকল্প ব্যবস্থা হিসেবে ১৯৬৩ সালের পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি রায়ের আলোকে সম্পত্তি হস্তান্তর আইনে জীবনস্বত্বের বিধান যুক্ত করার চিন্তাভাবনা করছে সরকার। প্রস্তাবিত  নিয়মেসন্তানকে সম্পত্তি দান করার পরও বাবা-মা তাদের জীবদ্দশায় সেটি ভোগদখল করার অধিকার নিজের কাছে রেখে দিতে পারবেন। এমনকি বাবা-মায়ের জীবনদশায় দুই পক্ষের সম্মতি ছাড়া কেউই ওই সম্পত্তি বিক্রি করতে পারবে না। সন্তান যেমন বিক্রি করতে পারবে না, তেমনি বাবা বা মা চাইলেও এককভাবে বিক্রি করতে পারবেন না। তবে বিশেষ প্রয়োজনে জেলা জজের অনুমোদন সাপেক্ষ বাবা-মা সেই সম্পত্তি বিক্রি করতে পারবেন বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর