আগের মতোই ঘুষ-দুর্নীতি চলছে

নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬


সরকার গঠন পরবর্তী ৫ মাসে সমাজের কিছুই বদলাইনি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্পষ্ট করেই বলে দিলেন,  আগের মতোই ঘুষ-দুর্নীতি চলছে। পরিবর্তনের জন্য জুলাই আন্দোলনে রক্ত দিয়েছে তরুণরা। জুলাইয়ের ত্যাগ ধারণ, পরিবর্তনের চেষ্টা না করলে এত রক্ত বৃথা যাবে।

জুলাই শহীদ দিবস স্মরণে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানী ঢাকায় তথ্য ভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন।  মন্ত্রী বলেন, পরিবর্তন বলতে কেবল তারেক রহমানকে দেখছেন, তিনি চেষ্টা করছেন সমাজ পরিবর্তনের। সবাই মিলে তাকে সহযোগিতা করতে হবে। বিএনপি সমাজটাকে পাল্টে দিতে চায় বলেও জানান তিনি।

ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যারা ভোল পাল্টিয়েছে তারা এখন বেশি অপকর্মে লিপ্ত।জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে; সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

মন্ত্রীর মতে, স্বাধীনতার ৫৫ বছর পরেও দেশের মানুষের জীবনমানের উন্নয়ন না হওয়া দুর্ভাগ্যজনক। ক্ষমতায় গেলেই ক্ষমতাকে আকড়ে ধরার একটি রসায়ন ক্ষমতাসীনদের মধ্যে কাজ করে। ব্যবস্থার পরিবর্তনের জন্য জুলাই আন্দোলনে  তরুণরা রক্ত দিয়েছে বলে জানান তিনি।

 বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর