জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের অপেক্ষা না করে আগামী আগস্ট মাসের মধ্যে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার পরিকল্পনা সরকারের। আগস্টের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহেই নির্বাচন হতে পারে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছে। যদিও বিএনপির স্থায়ী কমিটি এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে।
মির্জা ফখরুল সাংবাদিকদের বলে দিয়েছেন, রাষ্ট্রপতি পদে দলীয় বা অন্য কোনো প্রার্থী দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
সম্প্রতি আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই। ১৫ জুলাই সংসদ অধিবেশন শেষ হয়েছে । সংবিধান অনুযায়ী ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসবে। সেই সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা সম্ভব বলেও জানান তিনি।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে তার কমিশন। আইন অনুযায়ী স্পিকারের সঙ্গে পরামর্শ করেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের ভোটার তালিকা পাওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একাধিক প্রার্থী থাকলে প্রকাশ্য ব্যালটে ভোট হবে। আর বৈধ প্রার্থী একজন হলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে